বাউড়িয়ায় নদী বাঁধ সংস্কারের কাজ শুরু
দি নিউজ লায়ন; গতবছর আম্ফান ঘূর্ণিঝড়ে উলুবেড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাউড়িয়া দীপুপাড়ায় হুগলি নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছিল। দীর্ঘ এক বছর পর সেই ভাঙ্গন রোধে কাজ শুরু করলো সেচ দপ্তর। অন্যদিকে কোটালের আগে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। শুরু হয়েছে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি। এরই মাঝে আগামী ২৬ তারিখ নদীতে কোটাল। আর সেই কোটালের আতঙ্কে দিশাহারা বাউড়িয়া দীপুপাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর গতবছর আম্ফান ঘূর্ণিঝড়ে নদীর পাড়ে প্রায় ১০০ মিটার এলাকাজুড়ে বিরাট ধস নামে। সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে ভাঙ্গনরোধে ব্যবস্থা নিলেও কয়েক মাসের মধ্যেই সেইসব বালির বস্তা নদীগর্ভে চলে যাওয়ায় ভাঙ্গন আরো ভয়াবহ আকার নেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতবছর ঘূর্ণিঝড়ের পর নদী বাধে ধস নামার পর সেচ দপ্তর বালির বস্তা ফেলে ভাঙ্গনরোধে কাজ করলেও সেটা দীর্ঘস্থায়ী না হওয়ায় ভাঙন আরোও ব্যাপক আকার নিয়েছে। এর পাশাপাশি সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের সঙ্গে কোটালে নদীতে জলস্ফিতি হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। তাদের অভিযোগ দীর্ঘদিন সেচ দপ্তর বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় এই পরিস্থিতি। যদিও মুখ্যমন্ত্রী আগামী ২৪ তারিখের মধ্যে নদী বাঁধ সংস্কারের নির্দেশ দেওয়ায় কাজ শুরু হয়েছে।
এই প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস জানান বাঁধ সংস্কারের ব্যাপারে আমরা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পাশাপাশি সেচ দপ্তরকে অনুরোধ করেছিলাম। তারপর কাজ শুরু হয়েছে। তিনি জানান এলাকায় একটা সুইজগেট নির্মাণের দাবি জানিয়েছি আমরা। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু জানান এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাঁধ সংস্কারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু হয়েছে।

Post a Comment